• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পুলিশ কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ২:১৬
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ২:১৬

পুলিশ কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

জনতার আওয়াজ ডেস্ক
প্রতিকী ছবি

পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা নির্দেশনায় উল্লেখ করা হয়, কর্মস্থলের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনেক পুলিশ কর্মকর্তা অফিস চলাকালীন সময়েই মন্ত্রণালয়ে হাজির হয়ে তদবির করেন। এ ধরনের কর্মকাণ্ডে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে, যা ঊর্ধ্বতনদের নজরে এসেছে এবং এটি নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, শেষ মুহূর্তে পত্র প্রেরণ এবং অসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর কারণে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে। কখনও কখনও মন্ত্রণালয়কে এড়িয়ে অন্য বিভাগ বা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়, যা সরকারি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে।

জরুরি নির্দেশনায় যেসব বিষয় মানার নির্দেশ দেওয়া হয়েছে:

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।

পদোন্নতিসহ অন্য কোনো বিষয়ে তদবির থেকে বিরত থাকতে হবে।

যথাসময়ে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাতে হবে।

বিদেশ ভ্রমণ অনুমতির জন্য যথাযথ কাগজপত্রসহ আবেদন করতে হবে।

চিকিৎসাজনিত ছুটির জন্য মেডিকেল বোর্ডের প্রত্যয়ন সংযুক্ত করতে হবে।

আন্তঃমন্ত্রণালয় যোগাযোগে ‘রুলস অব বিজনেস’ মেনে চলতে হবে।

জেমস (GEMS) আইডিতে নিয়মিত তথ্য হালনাগাদ রাখতে হবে।

প্রজ্ঞাপনে এসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।