• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিমান বিধ্বস্তে নিহত মাইলস্টোন শিক্ষার্থী সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৬:৪২
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৬:৪২

বিমান বিধ্বস্তে নিহত মাইলস্টোন শিক্ষার্থী সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী লক্ষ্মীপুরের সায়ান ইউসুফের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলায় সায়ানের গ্রামের বাড়ি বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামে যান বিমান বাহিনীর ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

এসময় নিহতের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করে তার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বাহিনীর সদস্যরা। তারা বাহিনীর পক্ষ থেকে সায়ানের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, বিমান বাহিনীর উইং কমান্ডার মো. রেজাউল হক।

নিহতের পিতা এ এফ এম ইউসুফ গণমাধ্যমকে বলেন, এমন দুর্ঘটনা যেন কারো জীবনে না আসে এবং স্বাভাবিক জীবনযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। স্বজনরা স্মৃতিস্তম্ভের দাবি জানান।

বিমান বাহিনীর উইং কমান্ডার মো. রোজাউল হক বলেন, আমরা বিমানবাহিনীর প্রধানের নির্দেশে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত করতে এসেছি। এবং তার পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছি। এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর আলোকে আমরা সামনে ব্যবস্থা নিব।

উল্লেখ্য রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরেরদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়।