• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দেশে প্রতিবন্ধিতা নিয়ে সামাজিক বাধা রয়েছে : শারমীন এস মুরশিদ

প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ২:৫২
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ২:৫২

দেশে প্রতিবন্ধিতা নিয়ে সামাজিক বাধা রয়েছে : শারমীন এস মুরশিদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতা বিষয়ক জাতীয় গবেষণা উন্মোচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশের জিওগ্রাফিক অনুযায়ী সমতল অঞ্চল থেকে উপকূলীয় অঞ্চলের হিউম্যান রিসার্চের ওপর নজর দেওয়া জরুরি। বাংলাদেশে প্রতিবন্ধিতা নিয়ে সামাজিক বাধা রয়েছে। তবে প্রযুক্তি, চিকিৎসা ও সামাজিক সহায়তা একত্রে একটি শিশুকে সম্ভাবনার জগতে পৌঁছে দিতে পারে।

আজ বুধবার হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাংলাদেশ নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতা) বিষয়ক জাতীয় গবেষণা উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে হিউম্যান রিসার্চ-এর জন্য যে পরিমাণ গবেষক দরকার তা প্রয়োজনের তুলনায় অনেক কম। গবেষণা কাজে নিয়োজিত গবেষকদের এই গবেষণা আমাদের দেশের শিশু ও প্রাপ্তবয়স্কদের স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতার প্রকৃত চিত্র, কারণ ও প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবে।’

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে প্রতিবন্ধিতা নিয়ে সামাজিক বাধা রয়েছে।

কিন্তু আজকের এই গবেষণা আমাদের দেখাচ্ছে প্রযুক্তি, চিকিৎসা ও সামাজিক সহায়তা একত্রে কিভাবে একটি শিশুকে সম্ভাবনার জগতে পৌঁছে দিতে পারে।’
তিনি বলেন, ‘আমাদের সংবিধান, শিশু নীতি ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন অনুযায়ী প্রতিটি শিশু, প্রতিবন্ধী হোক বা না হোক, তাদের পূর্ণ মর্যাদা ও সুযোগ পাওয়ার অধিকার রাখে। এই গবেষণার ফলাফল ভবিষ্যতের নীতিনির্ধারণ, স্কুলব্যবস্থা, থেরাপি ও পরিবার-ভিত্তিক সহায়তা ব্যবস্থার জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে আমি আশাবাদী। আমি এই গবেষণা কার্যক্রমে যুক্ত সব গবেষক, চিকিৎসক, সংগঠন ও মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।

আশা করি এই উদ্যোগ স্নায়ু বিকাশজনিত প্রতিবন্ধকতা বিষয়ক সচেতনতা ও সহানুভূতিশীল পদক্ষেপকে জোরদার করবে।’
আফসান ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, কলম্বিয়া ইউনিভার্সিটি ফ্যামিলি হেলথ বিষয়ক প্রফেসর তানভীর হাসান, ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর মলয় কান্তি মৃধা এবং আফসান ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের ট্রাস্টি ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে গবেষক, চিকিৎসক, উন্নয়নকর্মী, সাংবাদিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।