শরীয়তপুর প্রতিনিধিঃ
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে বিমান বাহিনী পূর্ণ সামরিক মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুওে ২ টায় প্রথমে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি এলাকার নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীমের কবরে ও পরবর্তীতে একই উপজেলার নারায়ণপুর এলাকার নিহত আরেক শিক্ষার্থী আয়মানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
জানা যায়, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় সোমবার (২১ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম।
একই ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর মারা যায় চর্তুথ শ্রেণির শিক্ষার্থী আয়মান। তাদের দুজনের গ্রামের বাড়িই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়। এঘটনায় নিহত দুই শিক্ষার্থীর কবরে শ্রদ্ধাঞ্জলি জানায় বাংলাদেশ বিমান বাহিনী। এসময় পরিবার দুটির পাশে সব সময় থাকার আশ্বাস দেন বাহিনীটির উইং কমান্ডার আল-আমিন।
বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, আমাদের সামরিক বাহিনীর কোন সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারাই নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। আমাদের বাহিনীর কেউ মারা গেলে তাদের পরিবারের পাশে যেভাবে আমাদের বাহিনী থাকে ঠিক একইভাবে এই ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারের পাশে আমরা সব সময় থাকবো।













