জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা জুলাই ঘোষণা ও মঙ্গলবার (৫ আগস্ট) রাতে দেওয়া সরকারপ্রধানের নির্বাচনের সময়সীমা নির্ধারণের পুনরুক্তিকেও স্বাগত জানিয়েছে। তবে কোনও কোনও দল এখনও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে বলে মনে করে।
রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করবো। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবো।
গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচিত বৈঠকের পর যৌথ বিবৃতিতেও সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে বলা হয়েছিল। এর আগে ঈদের সময় তিনি সবকিছু ঠিকঠাক থাকা স্বাপেক্ষে ২০২৬ সালের এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন।

