• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি-ওয়ার্ন ক্যামেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৮:০৯
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৮:০৯

জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে দেওয়া হবে বডি-ওয়ার্ন ক্যামেরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ৪৭ হাজার কেন্দ্রে একটি করে বডি-ওয়ার্ন ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৬ আগস্ট) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নসংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আজকের আলোচনা সভায় সারাদেশে নির্বাচন পরিচালনার জন্য কত সংখ্যক ফোর্স প্রয়োজন হবে— সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা আট লাখের মতো থাকবে। এর মধ্যে পুলিশ, আনসার থেকে শুরু করে বিজিবি, সেনাবাহিনী পর্যন্ত থাকবে। সব বাহিনীকেই প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রিজাইডিং অফিসাররা যেন কারও বাসায় না থেকে নির্বাচনি কেন্দ্রে থাকতে পারেন— সে ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে আনসার এবং পুলিশ সবাই থাকবে।

কারা বডি-ওয়ার্ন ক্যামেরা পাবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আমাদের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতেই একটি করে বডি-ওয়ার্ন ক্যামেরা দেওয়ার চেষ্টা করা হবে। পুলিশের মধ্যে যিনি সিনিয়র পদধারী থাকবেন, তার কাছে বডি-ওয়ার্ন ক্যামেরা থাকবে। উপদেষ্টা বলেন, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সব বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদেরকে প্রশিক্ষণ দেবে। তিনি বলেন, বাহিনীগুলোর প্রশিক্ষণের পর তাদের মহড়া দেওয়ার ব্যবস্থাও করা হবে। নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভালোভাবে সম্পন্ন হতে পারে— সে অনুশীলন করা হবে।

পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ কর্মকর্তাকে সংযুক্তিতে বদলি করার বিষয়ে উপদেষ্টা বলেন, এটা রুটিন বিষয়। এটা সবসময় চলমান থাকবে।

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com