• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না: রিজভী

প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৪:২০
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৪:২০

আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন থেকে ‘আওয়ামী ক্যাডারদের’ অপসারণের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে।”

তিনি নির্বাচন কমিশনকে মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, “বাংলাদেশের জনগণ এখনো এ পদ্ধতির জন্য প্রস্তুত নয়। যারা পিআর দাবি করছেন, তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন রয়েছে।”

শেখ হাসিনার আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী।

শেখ হাসিনার শাসনামলে দলের নেতাকর্মীদের নিপীড়ন-নির্যাতনের কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলা দেওয়া হত, গ্রেপ্তার করা হত। তার ১৬ বছরের দুর্ব্যবস্থায় বিএনপির নেতাকর্মীরা অধিকাংশ সময়ে কারাগারে জীবন কাটিয়েছে। আপনারা জানেন, নীলফামারীর একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তিনি বিএনপির নেতাকর্মীদের ওপর কী পরিমাণ স্টিমরোলার চালিয়েছেন।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি আশা প্রকাশ করেন, ডাকসুতে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।

এসময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ নীলফামারী জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।