• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হাসিনার পক্ষে ভারতের যুদ্ধ ঘোষণা, দিল্লির বিরুদ্ধে লড়তে হবে: রাশেদ প্রধান

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ২:৫৭

হাসিনার পক্ষে ভারতের যুদ্ধ ঘোষণা, দিল্লির বিরুদ্ধে লড়তে হবে: রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ আগস্টের পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন ও মিথ্যা প্রপাগান্ডায় সফল না হয়ে হিন্দুস্তান এখন দিল্লিতে শেখ হাসিনা এবং কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছে।

তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে লবিং ফার্ম নিয়োগ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বাতিল করার জন্য ব্রিটেনে আইনজীবী নিয়োগ এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া—এসবই প্রমাণ করে, হাসিনার পক্ষে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। তাই দিল্লির বিরুদ্ধে আমাদের লড়তে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর পরিকল্পনা এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দিকনির্দেশনায় আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির এখনই একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, হিন্দুস্তানি আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যুদ্ধের দামামা বাজছে, তাই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে না পারলে স্বাধীনতা ও সার্বভৌমত্বের সূর্য অস্তমিত হবে।