• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চকরিয়া বিএনপির সম্মেলন শনিবার, নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ১২:৫৭
আপডেট: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ১২:৫৭

চকরিয়া বিএনপির সম্মেলন শনিবার, নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

কক্সবাজার প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (২৩ আগস্ট) চকরিয়া সরকারি কলেজ মাঠে এ সম্মেলন হবে। এ উপলক্ষে প্যান্ডেল-মঞ্চ নির্মাণসহ সর্বত্র বইছে সাজসাজ রব।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক।

উপজেলা বিএনপির সদস্যসচিব এম মোবারক আলী জানান, চারটি সাংগঠনিক ইউনিট ও ১৫ ইউনিয়নের এক হাজার ৬৫ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সম্মেলন সফল করতে মূল প্রস্তুতি কমিটি ছাড়াও ১০টি উপকমিটি গঠন করা হয়েছে।

প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত এ এম ওমর আলী বলেন, সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০২০ সালের ১২ মার্চ। এবার ভিন্ন আবহে লক্ষাধিক নেতাকর্মীর অংশগ্রহণে সম্মেলন স্মরণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, আনছারুল হক বাবুল মিয়া ও অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সদস্যসচিব এম মোবারক আলী, অধ্যক্ষ এস এম মনজুর, এ এম ওমর আলী, জালাল সিকদার ও সাইফুল ইসলাম ছাবু।

সম্মেলন ঘিরে মঞ্চ-প্যান্ডেল প্রস্তুত, তোরণ নির্মাণ চলছে। নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।