• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নুরের অবস্থা ‘মুমূর্ষূ’, চিকিৎসকদের অবজারভেশনে

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১১:২৭
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১১:২৭

নুরের অবস্থা ‘মুমূর্ষূ’, চিকিৎসকদের অবজারভেশনে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে মুমূর্ষূ অবস্থায় রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের লাঠিচার্জে আহত হন নুর। রাত ১১টার দিকে নুরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে গণঅধিকার পরিষদের অন্যতম নেতা আবু হানিফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমাদের দলের সভাপতি নুরুল হকের অবস্থা বেশি ভালো না। তিনি মুমূর্ষূ অবস্থায় বর্তমানে ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে চিকিৎসকদের অবজারভেশনে আছেন।’

আবু হানিফ বলেন, ‘তার খিঁচুনি হচ্ছে। তার নাকে-মুখে আঘাত করা হয়। আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও শতাধিক আহত হয়েছেন।’

কেন পুলিশ ও সেনা সদস্যরা আঘাত করেছেন? এমন প্রশ্নের জবাবে আবু হানিফ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। পরে যখন মশাল মিছিল করি, তখন আমাদের ওপর হামলা করে। এরপর আমরা যখন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করি, তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হামলা করেন, নেতাকর্মীদের বেধড়ক মারধর করেন।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আবু হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা হামলা করেছে, ফুটেজ আছে, তাদের চিহ্নিত করে সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।

এ ঘটনায় কোনও মামলা করা হবে কিনা, এমন প্রশ্নে হানিফ জানান, ‘দলে আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন।’

কোনও কর্মসূচি দেওয়া হবে কিনা, এমন প্রশ্নে আবু হানিফ বলেন, ‘আমরা আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। তখন গণমাধ্যমে জানানো হবে।’

হামলার বিষয় নিয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।