• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জনদুর্ভোগের কথা বিবেচনায় রেখে বিএনপির র‌্যালি কর্মসূচি স্থগিত

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৩
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৩

জনদুর্ভোগের কথা বিবেচনায় রেখে বিএনপির র‌্যালি কর্মসূচি স্থগিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত আগামীকালের র‌্যালি কর্মসূচি স্থগিত করেছে। জনদুর্ভোগের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে রিজভী বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় যে র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল, তা আর অনুষ্ঠিত হবে না। পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির আওতায় নগরীর নর্দমা, খাল, পুকুর ও নালা পরিষ্কার করা হবে।

রিজভী আরও বলেন, “আমরা জনগণের কষ্ট বাড়াতে চাই না। রাজধানীতে প্রতিদিনই যানজট ও ভোগান্তি রয়েছে। তাই জনগণের দুর্ভোগ এড়াতে এবার র‌্যালি না করে বিকল্প কর্মসূচি নেওয়া হয়েছে।”

তিনি জানান, বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শোভাযাত্রা থাকলেও জনদুর্ভোগ এড়াতে ঢাকার কর্মসূচি এবার ভিন্নভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।