• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে চাচার হামলায় ভাতিজা নিহত

প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৭
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৭

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে চাচার হামলায় ভাতিজা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

ছবি প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা কামাল হোসেনের হামলায় ভাতিজা ওয়ার্ড জামায়াতের আমীর সানোয়ার হোসেন (২৯) নিহত হয়েছেন। এ সময় তার মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) আহত হয়েছেন।

নিহত সানোয়ার হোসেন এক সন্তানের জনক। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) নামের দুইজনকে আটক করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া করাতী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে চাচা কামাল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে তার স্বামী পুকুরের ঘাটলায় গেলে হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় কামাল হোসেন, তার ছেলে রাকিব ও রাহাত হামলা চালিয়ে সানোয়ারের মা ও ভাইকেও পিটিয়ে আহত করে।

আহত হাসিনা বেগম বলেন, ‘কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের ওপর হামলা চালায়। আজ প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।’

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ‘এটি একটি পারিবারিক দ্বন্দ্ব। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং মূল আসামি কামাল হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল বারী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।