• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন

সিলেট ৫ :আলেমদের আসনে বিএনপি’র অপেক্ষা

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১:৩৩

9665234

সিলেট ৫ :আলেমদের আসনে বিএনপি’র অপেক্ষা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গোটা দেশের মধ্যে একটি আসনই যেন আলেম-ওলামাদের জন্য বরাদ্দ। স্বাধীনতার পর থেকেই সেটি হয়ে আসছে। আর সেই আসনটি হচ্ছে সিলেট-৫। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনে আসনটি একবার পেয়েছিল বিএনপি। এরপর থেকে চলছে অন্তহীন অপেক্ষা। এবার আসনে বিএনপি’র প্রার্থী একাধিক। তারা কেন্দ্রের দিকে চেয়ে আছেন তীর্থের কাকের মতো। একটি চাওয়া- মার্কা যেন থাকে ধানের শীষ। এবার কী ঘুচবে সেই গ্লানি। না-কি নির্বাসনেই থাকবে বিএনপি? এ প্রশ্ন আছে সবার মধ্যে। বিএনপি’র প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা জেলা বিএনপি’র সহ-সভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন আশাবাদী এবার সেই অপেক্ষার শেষ হবে। ধানের শীষেই ভোট দিতে পারবে মানুষ। এর প্রমাণ এরইমধ্যে ভোটের মাঠে দেখা যাচ্ছে। ধানের শীষের পক্ষে জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বত্রই জোয়ার উঠেছে। চাকসু মামুন ২০১৮ সালের নির্বাচনে এ আসন থেকে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন। তখন ভোটারের অবস্থানও ছিল তার পক্ষে।

নৌকার প্রার্থীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার আভাস দিয়েছিলেন। কিন্তু আসন ভাগ-বাটোয়ারায় কপাল পুড়েছিল তার। এরপর থেকে মাঠেই আছেন মামুন। অবস্থানও ভালো। দলের ইশারাও ভালো। তবে শঙ্কা আছে। মামুন এ শঙ্কা মানতে নারাজ। জানান, ধানের শীষের পক্ষে মানুষ একাট্টা। জোয়ার উঠেছে। এদিকে, জমিয়তের উলামায়ে ইসলাম এ আসনে শক্তিশালী। দলের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক প্রার্থী। তাকে ঘিরেই স্বপ্ন বুনছেন আলেম-ওলামা শাসিত এ আসনের জনগণ। দারুল উলুম কানাইঘাট তার পক্ষে। মাদ্রাসাকেন্দ্রিক ভোটে রয়েছে তার একচেটিয়া আধিপত্য। ২০১৮ সালের নির্বাচনে লড়াই করে হেরেছেন। এবার তাকে নিয়ে আশাবাদী দলের নেতাকর্মীরা। দলটির ভেতরে যে বিভক্তি ছিল সেটিও কাটিয়ে উঠেছেন নেতারা। বিভেদ ভুলে মাওলানা ফারুকের পক্ষে এক কাতারে সবাই। দারুল উলুমের মুহতামিম মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী ও নায়েবে আমীর মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী তার পক্ষে রয়েছেন। জমিয়তের সভাপতি জানান, জোট হলেও তিনি নির্বাচনে আছেন, না হলেও আছেন। জনগণ এ আসনে খেজুর গাছের পক্ষে একাট্টা রয়েছেন।

জামায়াতেরও রয়েছে শক্তিশালী অবস্থান। ২০০১ সালে চারদলীয় জোটের নির্বাচনে আসনটি জামায়াত পেয়েছিল। তখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জামায়াত নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। এবার দলটির প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন খান। জেলার শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম। ভোটও আছে জামায়াতের। পরিচ্ছন্ন প্রার্থী নিয়ে এ আসনের জামায়াত নেতারা ইতিমধ্যে ভোটারের কাছাকাছি যাচ্ছেন। পাচ্ছেন সাড়াও। বিএনপি থেকে মনোনয়নের জন্য লড়াই করছেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের একাধিকবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মরহুম আবুল হারিছ চৌধুরীর কন্যা সামিরা তানজীন চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল চৌধুরী। তরুণ প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন সিদ্দিকুর রহমান পাপলু। ইতিমধ্যে জকিগঞ্জ ও কানাইঘাটে তিনি শোডাউন দিয়ে ভোটারের নজর কেড়েছেন। সিলেটের পরিচিত এ রাজনীতিবিদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে ভোটারের কাছাকাছি যাচ্ছেন। মানবজমিনকে জানান, দল মনোনয়ন দিলে তিনি চমক দেখাবেন।

এ আসনের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছেন। আনুষ্ঠানিক নির্বাচনের ঘোষণা না দিলেও হারিছকন্যা সামিরা চৌধুরী এলাকায় ঘন ঘন যাচ্ছেন। সাভার থেকে হারিছ চৌধুরীর কবর সিলেটে স্থানান্তরের পর পিতার রেখে যাওয়া প্রতিষ্ঠান সচল করতে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত ৩রা সেপ্টেম্বর তিনি পিতা হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বলেছেন, পিতা হারিছ চৌধুরীর অসমাপ্ত কাজ শেষ করতে তিনি কাজ করে যাচ্ছেন। অন্যদিকে, প্রবাসী ফাহিম আল চৌধুরীর পক্ষেও এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। এবার বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী তরুণ তুর্কি, ওয়াজি ও দলের আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার। ইতিমধ্যে তার নেতৃত্বে কানাইঘাটে শোডাউন দেয়া হয়েছে। কেন্দ্রীয় নেতারাও শোডাউনে অংশ নিয়েছেন। তরুণদের মধ্যে তার গ্রহণযোগ্য বাড়ছে বলে জানিয়েছেন ভোটাররা। খেলাফত মজলিসের প্রার্থী আরেক ওয়াজী মাওলানা আবুল হাসান। এলাকায় তার গ্রহণযোগ্যতার পাশাপাশি পরিচিতিও রয়েছে। ভোটের মাঠে তিনি প্রচারণায় জোর দিয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দলের নায়েবে আমীর ও প্রবীণ নেতা মাওলানা রেজাউল করিম জালালী এবার এ আসনে প্রার্থী হতে যাচ্ছেন। ইতিমধ্যে দলের তরফ থেকে তার নাম ঘোষণা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com