• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজশাহীতে এনসিপি নেত্রী মায়ার পদত্যাগ

প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৪
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৪

রাজশাহীতে এনসিপি নেত্রী মায়ার পদত্যাগ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, “নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করেছি। কিন্তু মিথ্যা অভিযোগ, সমালোচনা ও বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা আমার ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। তাই দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না।”

রাজনীতিতে বিশ্বাসযোগ্যতাই সবচেয়ে বড় শক্তি আখ্যা দিয়ে মায়া বলেন, “বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটি কারও বিরুদ্ধে অভিযোগ বা আঘাত নয়, বরং নিজের বিবেক ও সততার জায়গা থেকে নেওয়া সিদ্ধান্ত।”

পদত্যাগের পরও সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আশা করে তিনি দলের প্রতি শুভ কামনাও জানান।

মায়া অভিযোগ করে জানান, গত ৪ আগস্ট তিনি এনসিপির কেন্দ্রীয় সংসদে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও কেন্দ্র থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, “আমার মনে হয়েছে, এখানে থেকে আত্মসম্মান ও সামাজিক অবস্থান বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না।”

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, “মায়াসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে। আমরা যাচাই-বাছাই করে এর সত্যতা পেয়েছি। এ বিষয়ে কেন্দ্রকে জানিয়েছি। কেন্দ্রের সিদ্ধান্ত আসার আগেই হয়ত তিনি পদত্যাগ করেছেন।”