জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো জোট-সমীকরণে ব্যস্ত হয়ে উঠেছে। এমন সময়ে একীভূত হওয়ার গুঞ্জন উঠেছে তরুণদের নেতৃত্বাধীন দুই দল গণঅধিকার পরিষদ (জিওপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–কে ঘিরে।
দুটির প্রতিষ্ঠার প্রেক্ষাপটও প্রায় এক। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ২০২১ সালে রূপ নেয় গণঅধিকার পরিষদে। আর ২০২৪ সালের কোটা আন্দোলনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাত ধরেই গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি।
এ প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “রাজনীতিতে নানা আলোচনা হয়। আমাদের সঙ্গে এনসিপির অনেকে আগে থেকেই কাজ করেছে। দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে আলাপ-আলোচনা আছে, তবে একীভূত হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।”
তিনি আরও জানান, আনুষ্ঠানিক বৈঠক বা পার্টি টু পার্টি আলোচনা হয়নি। সংস্কার, বিচার ও নির্বাচন ইস্যুতে কেবল অনানুষ্ঠানিক আলাপ হয়েছে।













