জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ফেব্রুয়ারীর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেছেন, কোনো পক্ষের নিজ দলীয় এজেন্ডার কারণে দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে ঝুঁকিতে ফেলা যাবে না। দলসমূহের মধ্যকার রাজনৈতিক প্রতিযোগিতাকে হিংসাত্মক বৈরীতায় পর্যবসিত করা যাবে না। দেশের ভেতরে ও বাইরে অনেকেই গণ-অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বিরোধ ও মারামারি দেখার জন্য বসে আছে।
এই সুযোগ কাউকে দেওয়া যাবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সাভারের শ্রীপুরে বিপ্লবী যুব সংহতির শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
যুবনেতা লিটন মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু, স্থানীয় জনপ্রতিনিধি মমতাজ উদ্দিন মেম্বার, যুবনেতা আরিফুল ইসলাম আরিফ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিল্পানঞ্চল কমিটির নেতা মোহাম্মদ শাহজাহান, আব্দুল হালিম ভূইয়া, মোহাম্মদ সুমন ও মোহাইমেনুল হক, যুবনেতা আনিসুর রহমান প্রমুখ।
জনজীবনে সংকটের কথা তুলে ধরে সাইফুল হক বলেন, এই সরকার শ্রমজীবী মেহনতি মানুষসহ তরুণ যুবশক্তিকে হতাশ করেছে।
বেকার যুবকদের কর্মসংস্থান হয়নি, তাদের ন্যুনতম মানবিক জীবন নিশ্চিত হয়নি। উল্টো গত এক বছরে ৩৫ লাখ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে এসেছে। কয়েক লাখ মানুষ চাকরিচ্যুত হয়েছে। মানুষের প্রকৃত আয় কমে গেছে।
দেশের কোটি কোটি যুবশক্তিকে কাজে লাগাতে না পারলে আমাদের প্রত্যাশিত উন্নয়ন ও অগ্রগতি মুখ থুবড়ে পড়বে। এ ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
যুবশক্তিকে রাজপথে জেগে থাকার আহ্বান জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ছোটখাট ঘটনায় যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য ছড়িয়ে পডছে। তা একদিকে চরম অসহিষ্ণুতা আর অন্যদিকে হতাশার বহিঃপ্রকাশ। বিপ্লবী যুব সংহতিকে যুবকদের আস্থা আর ভরসার কেন্দ্র হিসাবে গড়ে তুলতে হবে।
অমানবিক বৈষম্যের বিরুদ্ধে অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় যুবপ্রাণ জাগিয়ে তুলতে হবে। আগামী ২৬ সেপ্টেম্বর জাতীয় যুব কনভেনশন সফল করতে হবে।
সভার শুরুতে গণঅভ্যুত্থানের সকল শহীদ, দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, গবেষক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

