জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে তারেক রহমান বলেন, “আপনাদের অনেকের মনে আছে, স্বৈরাচার পালিয়ে যাবার কয়েক দিন পরে আমি বলেছিলাম— স্বৈরাচার তো বিদায় হয়ে গেছে, পালিয়ে গেছে, কিন্তু অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। প্রায় এক বছর আগে এ কথা বলেছিলাম, আজ তা দৃশ্যমান হতে শুরু করেছে।”
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৬ বছর ধরে অধিকার আদায়ের জন্য লড়াই করছে। মানুষ ও গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এ অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম করেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে, সরকার সংস্কার প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবগুলোর ৯০ শতাংশই আড়াই বছর আগে বিএনপি উপস্থাপন করেছিল। বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে মতামত দিয়েছে। মতভেদ থাকলেও রাজনৈতিক অধিকার, মানুষের নিরাপত্তা ও টিকে থাকার অধিকারের প্রশ্নে কারও সঙ্গে কোনো দ্বিমত নেই।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতা–কর্মীদের ভোগান্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের দলের ৫০ লাখেরও বেশি নেতা–কর্মীর নামে মিথ্যা মামলা হয়েছিল।”
নির্বাচন সামনে রেখে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা কি কারও ব্যক্তিগত কর্মী, নাকি ধানের শীষের কর্মী? আপনারা জাতীয়তাবাদী শক্তির কর্মী। জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে যখন কোনো সিদ্ধান্ত হবে, তখন তা বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব। যেমন আজ ঐক্যবদ্ধভাবে সম্মেলনকে সফল করেছেন, ইনশা আল্লাহ আগামী ফেব্রুয়ারিতে ঐক্যবদ্ধভাবে একটি সফল জনরায় আনতে সক্ষম হব।”
নেতা–কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “কেউ যেন আমাদের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল না করতে পারে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে। এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে।”

