নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বর্তমান নিয়মে জাতীয় নির্বাচন হোক, আর জামায়াত পারলে ক্ষমতায় গিয়ে পিআর পদ্ধতি চালু করুক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বজরায় স্থানীয় বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল আন্দোলন-সংগ্রাম করেছে। গত ১৭ বছর আমরা আন্দোলনের মাঠে ছিলাম। এর আগে ৫ বছর আমরা ক্ষমতায় ছিলাম। জামায়াত ইসলামীর নেতারাও তখন মন্ত্রী ছিল। তখন পিআর পদ্ধতির দাবি করেননি কেন?’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি আছে, ঘোষণাপত্র আছে, নির্বাচনি ইশতেহার আছে। পিআর জামায়াতের একটা কর্মসূচি হতে পারে। সংবিধান সংশোধন না করলে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা যাবে না। অন্তবর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করতে পারবে না। তাদের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। সংবিধান সংশোধন করতে হলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। জামায়াত যদি পারে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে গিয়ে পিআর পদ্ধতি বাস্তবায়ন করুক।
সুপ্রিম কোর্টের সিনিয়র এ আইনজীবী বলেন, ‘জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে চায়। সে ভোটের অধিকার হরণ করেছে বলেই ছাত্ররা আন্দোলন করেছিল, জনতা তাদের পাশে দাঁড়িয়েছে। ১৫ বছর নেতা-কর্মীরা আন্দোলনে মাঠে ছিল যার কারণে সরকার পালাতে বাধ্য হয়েছে। এটি তাদের কর্মের ফল।
সাবেক এমপিমাহবুব উদ্দিন খোকন আরও বলেন, সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট-সেক্রেটারির বিরুদ্ধে সাধারণত মামলা হয় না। আমি ছিলাম ভিন্ন। আমার বিরুদ্ধে ৪৬টি মামলা দেওয়া হয়েছে। আমি দুইবার জেলেও গেছি। কিন্তু আমাকে থামাতে পারেনি।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

