• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডিএসসিসিতে বিএনপির ৭ অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৮:৪২
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৮:৪২

ডিএসসিসিতে বিএনপির ৭ অভিযোগ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানাসহ আশপাশের এলাকায় জনদুর্ভোগের ৭ অভিযোগ জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) স্মারকলিপি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। একই সঙ্গে স্মারকলিপিতে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানান ঢাকা-১০ আসনে এ মনোনয়নপ্রত্যাশী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তিনি স্মারকলিপি দেন। সিটি করপোরেশনের প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

৭ অভিযোগ হলো- অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যান চলাচল এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে এডিস মশা নিধন ও লার্ভা ধ্বংসে উদাসীনতা, পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ, ফুটপাতে অবৈধ দোকানপাট স্থাপন, পয় নিষ্কাশনের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগের অভাব, একটু বৃষ্টি নামলেই সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া, ধানমন্ডি লেকের পানি দূষণ এবং লেকের সৌন্দর্যবর্ধনে কোনো ভূমিকা না নেওয়া।

স্মারকলিপিতে ব্যারিস্টার অসীম বলেন, ‘সমস্যাগুলোর দ্রুত সমাধান না হলে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে। ইতোমধ্যেই এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় এনে এ সব সমস্যা তুলে ধরে ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এলাকাবাসীদের সঙ্গে নিয়ে চার থানায় মানববন্ধন কর্মসূচি পালন করেছি।’

তিনি বলেন, ‘এলাকায় বাচ্চাদের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেই তুলনায় খেলার মাঠ একেবারেই অপ্রতুল। বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ নির্মাণের ক্ষেত্রে আপনি উদ্যোগী হবেন-এটা আমরা মনে-প্রাণে আশা করি। আপনারা উদ্যোগী হলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় দখল করা ভূমি উদ্ধারের মাধ্যমে সেখানে খেলার মাঠ বা পার্ক নির্মাণ করা সম্ভব হতে পারে।’