• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে: নাহিদ ইসলাম

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ২:৫৮
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ২:৫৮

কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে: নাহিদ ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের কাঠামো ধরে রাখতে ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল সমঝোতা করেছে তবে জাতীয় নাগরিক পার্টি সেটা করেনি।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন ।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি রাজনীতি থেকে ছিটকে যায়নি। বরং যারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেছে তারা গণ-অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে।

তিনি বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বা চাওয়ার কোনো প্রতিফলন গতকালের স্বাক্ষর অনুষ্ঠানে ঘটেনি বলে আমরা মনে করছি। এর পরও আইনি ভিত্তি না থাকলে এটা জনগণের সঙ্গে একটা প্রতারণা হবে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, যেসব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এটা আনুষ্ঠানিকতার জন্য তারা করেছে। তবে এটাকে এখন আইনি ভিত্তি দেওয়ার দাবি জানাচ্ছি।

এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। ওই দিনে সনদে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতারা অংশ নিলেও কয়েকটি দলের নেতারা যাননি।

এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এ ছাড়া চারটি বাম ধারার রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।