• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মহাসড়ক অবরোধ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ৪:০৮
আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ ৪:০৮

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত
গাজীপুরে বাস চাপায় সেলুন কর্মচারী সুকান্ত (৩৫) নামে এক পথচারীর মৃত্যুর ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টীম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় সেলুন কর্মচারী সুকান্তকে একটি বাস চাপা দেয়। এতে তার দুটি পা থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এবং মহাসড়কের সব গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষুব্ধ জনতার দাবি, মালেকের বাড়ি এলাকায় মহাসড়ক পারাপারের যথাযথ ব্যবস্থা নেই। যার ফলে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটছে। এর প্রতিকার করতে হবে এবং বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আশরাফুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনার জেরে মহাসড়ক অবরোধ হয়েছে। যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফেরাতে প্রায় ছয় ঘণ্টা লেগেছে।’