• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণভোট ছাড়া নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে: আব্দুল হালিম

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৩:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৩:৪৫

গণভোট ছাড়া নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে: আব্দুল হালিম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সিইসি’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয়। নভেম্বর মাসের মধ্যেই গণভোট শেষ করতে হবে। ২৫টি রাজনৈতিক দল ইতিমধ্যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে এবং সেই সনদ অনুযায়ী দ্রুত গণভোট আয়োজনের দাবি জানিয়েছে তারা।

আরপিও (জনপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনের প্রস্তাব নিয়ে জামায়াতের অবস্থান সম্পর্কে তিনি বলেন, “সংশোধিত আরপিও নিয়ে কিছু দল সংশোধনী আনতে বলেছে। আমরা বলেছি, আরপিও হুবহু বহাল রাখতে হবে।”

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়ে আব্দুল হালিম বলেন, “আট দলের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ৩ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি আরও বলেন, “যারা জুলাই চেতনার পরিপন্থি কাজে থাকবে তারা জনগণের কাছে নিগৃহীত হবে। জুলাইয়ের প্রেক্ষাপটেই এত আয়োজন। তাই গণভোট আগে না করলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।”