• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১০:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১০:৫৮

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

মেট্রোলাইনের পিলারের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ।

ফারুক আহামেদ জানান, আইরিন আক্তার পিয়াকে এখন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া হবে। তার অনার্স শেষ হলে পরে অফিসার পদে নেয়া হবে।

এর আগে, গত রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম আজাদ নিহত হন।

ঘটনার পরদিনই সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে মেট্রোরেলে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

এদিকে ঢাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব ও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে নোটিশটি পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।

তিনি জানান, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে কালামের পরিবারকে ১০ কোটি টাকা এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আইনি নোটিশে বলা হয়েছে।