জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। তিনি মঞ্জুরুলসহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন।
তবে জাহানারার অভিযোগ উড়িয়ে দিয়েছেন মঞ্জুরুল। বর্তমানে চীনে অবস্থান করছেন তিনি। এএফপিকে তিনি বলেন, “সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।”
জাহানারা তার সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মঞ্জুরুল তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি বলেন, “উনি আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বলেছিলেন—‘তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।’”
জাহানারা অভিযোগ করেন, বিসিবিকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক-দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।”
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিসিবি বিষয়টি গভীরভাবে লক্ষ্য করেছে। সংবেদনশীলতার কারণে অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।”

