কয়রা (খুলনা) প্রতিনিধি
ছবি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ কয়রা-পাইকগাছা সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চূড়ান্ত প্রার্থী হিসেবে মনিরুল হাসান বাপ্পিকে ঘোষণা করেছে। তবে প্রার্থী ঘোষণার মাত্র ১৫ দিন না গড়াতেই তৃণমূল পর্যায়ের বিএনপির নেতা ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
তৃণমূল নেতারা মনে করছেন, কয়রা ও পাইকগাছায় বিএনপির তেমন কোনো যোগ্য নেতা নেই, যার উপর দল সম্পূর্ণ ভরসা করতে পারত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়রা সদর ইউনিয়নের এক নেতা বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রূপসা থেকে প্রার্থী এনে নির্বাচনে জয়লাভ করানো হয়েছিল। এটি বিএনপির জন্যও পুনরাবৃত্তি ঘটিয়েছে।”
আরেক বিএনপি নেতা বলেন, “দল যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কিছুটা হতাশা আছে। জামায়াতে ইসলামীর প্রার্থী কয়রার হওয়ায় সাধারণ জনগণ তার দিকে ঝুঁকবে। ২০১৮ সাল থেকে তিনি স্থানীয়দের সঙ্গে যুক্ত।”
স্থানীয়রা জানান, বিএনপি এতো বড় দল হলেও কয়রা ও পাইকগাছা থেকে কোনো স্থানীয় প্রার্থী বের করতে পারেনি। তাদের মতে, মনিরুল হাসান বাপ্পি রূপসা থেকে আনা হয়েছে, যা স্থানীয় মানুষের আশা ও আকাঙ্খার সঙ্গে পুরোপুরি মিলে না।
তবে নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তেমনভাবে গড়ে উঠবে বলে মনে হচ্ছে না।
কয়রা উপজেলার একাধিক বিএনপি নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

