• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেপ্তার হিরো আলম

প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৪:৪২
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৪:৪২

স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেপ্তার হিরো আলম

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় আজ শনিবার দুপুরে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে।

এর আগে রিয়া মনির করা মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রিয়া মনির করা মামলায় জামিনে ছিলেন হিরো আলম। কিন্তু জামিনে থাকার কোনো শর্তই তিনি মানছিলেন না। তাই রিয়া মনির পক্ষ থেকে আদালতে হিরো আলমের জামিন বাতিল চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে তাই হিরো আলমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।’

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।