জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইসবি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রাজু আহমেদের সঙ্গে এক ছাত্রীর কথোপকথন ও আপত্তিকর ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে।
রোববার (১৭ নভেম্বর) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় দশম শ্রেণির ওই ছাত্রী প্রধান শিক্ষক রাজু আহমেদকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি বলেন, ‘রাজু স্যারকে ছাড়া আমি কাউকেই বিয়ে করবো না। ভিডিও ভাইরাল হওয়ার কারণে আমার সম্মান ক্ষুণ্ন হয়েছে। এখন আমি চাই তিনি যেন আমাকে বিয়ে করেন।’
এর আগে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল থেকে ইমো অ্যাপে ওই শিক্ষকের সঙ্গে কথোপকথন এবং অশালীন আচরণের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়, জেলায় তীব্র সমালোচনার ঝড় ওঠে।
রোববার সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্লে-কার্ড হাতে বিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। তারা রাজু আহমেদের শাস্তি ও স্থায়ী বরখাস্তের দাবি জানান। অভিভাবকরাও বিক্ষোভে অংশ নেন। স্থানীয়রা ঘটনাকে শিক্ষাঙ্গণে নৈতিক অবক্ষয়ের একটি ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।

