জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায় পড়ছেন, যা সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, রায় ঘোষণায় সর্বোচ্চ এক ঘণ্টা সময় লাগতে পারে। তিনি আরও বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।
এ মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সকালে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থাগুলো।
মামলার ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য–জেরা নেওয়া হয়। যুক্তিতর্ক চলে ৯ কার্যদিন। পাঁচটি অভিযোগে করা এই মামলার আনুষ্ঠানিক অভিযোগের পৃষ্ঠাসংখ্যা ৮ হাজার ৭৪৭, সাক্ষী ৮৪ জন।

