• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৬:১৮
আপডেট: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৬:১৮

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা করার আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন।

মামলায় কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ (এম এইচ) ছাড়াও অজ্ঞাত আরেকজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, তবে এখনই কোনো আদেশ দেননি। বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ১২ নভেম্বর এক সমাবেশে তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেই বক্তব্যের সূত্র ধরে ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।’

বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো ৮৮ কোটি টাকার গাড়ি কেনেননি। আসামি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তি ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।