• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

নারী আইপিএলের নিলামে তিন বাংলাদেশি

প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ১:৪০
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ১:৪০

নারী আইপিএলের নিলামে তিন বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
উইমেন্স প্রিমিয়ার লীগের (ডব্লিউপিএল) ২০২৬ আসরের নিলামের তালিকায় আছে বাংলাদেশের তিন নারী ক্রিকেটারের নাম। তারা হলেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও লেগ স্পিনার রাবেয়া খান। এবারের নিলামে নাম জমা দিয়েছিলেন মোট ২৭৭ ক্রিকেটার। সেখান থেকে দল পাবেন ৭৩ জন। বিদেশি কোটা মাত্র ২৩টি। অর্থাৎ একজন দল পেতে চারজনের সঙ্গে লড়াই করতে হবে। গতকাল ডব্লিউপিএল ওয়েবসাইটে নিলামের খেলোয়াড় তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম জমা দিয়েছেন মারুফা, স্বর্ণা ও রাবেয়া। নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি কিনলে, আসন্ন ডব্লিউপিএলই হতে পারে তাদের প্রথম আসর। ক্যাপড ভারতীয়, অনক্যাপড ভারতীয় ও ক্যাপড বিদেশি-এ তিন শ্রেণিতে নিলামের খেলোয়াড়দের তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় সর্বোচ্চ ৫০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় ১৯ জন, ৪০ লাখ ভিত্তিমূল্যের খেলোয়াড় আছে ১১ জন। আর ৩০ লাখ ভিত্তিমূল্যের ঘরে রয়েছে ৮৮ জন খেলোয়াড়ের নাম। নিলামে ভারতের বাইরে নিবন্ধিত সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। এছাড়া ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩, দক্ষিণ আফ্রিকার ১১, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৩ জন করে, আরব আমিরাতের ২, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের একজন করে নাম দিয়েছেন। ৮ ক্রিকেটারকে রাখা হয়েছে মেগা নিলামের মার্কু ক্যাটাগরিতে। যেখানে ভারতের দীপ্তি শর্মার সঙ্গে আছেন রেনুকা সিং। এ ছাড়া বাকিরা হচ্ছেনু সোফি ডিভাইন, সোফি এক্লেস্টন, অ্যালিসা হিলি, মেগ ল্যানিং, অ্যামেলিয়া কের এবং লরা উলভার্ট। এদের মধ্যে রেনুকার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি এবং উলভার্টের ৩০ লাখ রুপি। বাকিদের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি করে। উল্লেখ্য, পাঁচ দলের ডব্লিউপিএলের চতুর্থ আসর শুরু ৭ই জানুয়ারি, ৩রা ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।