• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা ৫৩ বছর ধোঁকা খেয়েছি আর নয় : চরমোনাই পীর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ৯:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ৯:৫১

আমরা ৫৩ বছর ধোঁকা খেয়েছি আর নয় : চরমোনাই পীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বরিশালে অনুষ্ঠিত উলামা–মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশের মানুষ আর ধোঁকায় পড়বে না। তিনি বলেন, ‘আমরা বুঝে ফেলেছি, পুরোনো বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ধোঁকা দেওয়া যাবে না। এ ধোঁকায় দেশের মানুষ আর পড়বে না। আমরা ৫৩ বছর ধোঁকা খেয়েছি, আর নয়। দেশকে মুক্ত করতে হবে।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চরমোনাইয়ের ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলের দ্বিতীয় দিনের উলামা–মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মাহফিলে দেশের বিভিন্ন পর্যায়ের আলেম–ওলমারা উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় উলামা–মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করেন চরমোনাই পীর।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তন আসতেই হবে উল্লেখ করে মুফতি রেজাউল করীম বলেন, ‘৫৩ বছর দেশ যারা পরিচালনা করেছে, যে নীতি–আদর্শে দেশ চলছে, তাতে আমরা চোরের দিক থেকে চ্যাম্পিয়ান হয়েছি। হাজার হাজার মা সন্তান হারিয়েছে। এখন নতুনভাবে দেশ পরিচালনার জন্য তারা আবারও পাগলের মতো হয়ে গেছে—কবে ক্ষমতায় যাবে, আবার সেই চরিত্র বাস্তবায়ন করবে।’

তিনি বলেন, ‘আমি কোথাও প্রার্থী হইনি, কেন্দ্রীয় সিদ্ধান্তেও হব না। দেশব্যাপী সফর করতে হবে। দিন–রাত নিজের পকেটের টাকা খরচ করে ঘুরছি একটাই লক্ষ্য নিয়ে—আমরা দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি।’