• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চিকিৎসাধীন খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থাতেই আছেন: মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৭:৪৪
আপডেট: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ ৭:৪৪

চিকিৎসাধীন খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থাতেই আছেন: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থাতেই আছেন, দেশি-বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে চিকিৎসা চলছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই কথা জানান।

তিনি বলেন, আপনারা সবাই জানেন যে, আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, এছাড়া আমেরিকার জন হপকিংস এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসা করছেন।’’

২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

গত দুই দিন ধরে তার অবস্থা সংকটাপন্ন হলে বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়ে শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, গতকাল রাতে তারা মেডিকেল বোর্ডের একটি সভা করেছেন… প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে আলোচনা করেছেন। কিভাবে চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসা কী ধরনের হবে সে বিষয়ে তারা মতামত দিয়েছেন। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন হতে পারে, তবে তার বর্তমান শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব নয়। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্থিতিশীল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে, তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা।

মির্জা ফখরুল বলেন, তবে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো যেমন ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং এগুলো মোটামুটি এগিয়ে আছে। অর্থাৎ প্রয়োজন হলে এবং যদি দেখা যায় তিনি ফ্লাই করার উপযুক্ত অবস্থায়, তখন তাকে নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে জানাতে চাই, স্বাভাবিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় মানুষ উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত। অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন, যার ফলে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন। তারা চিকিৎসা কার্য চালাতে ম্যাডামের এবং অন্যান্য রোগীদের জন্য বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাই, কেউ হাসপাতালে ভিড় করবেন না। অনুগ্রহ করে বিএনপি নেতাকর্মী, তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ সেখানে উপস্থিত হবেন না। সময়মতো তার হেলথ বুলেটিন জানানো হবে।

বিজয়ের মাসে মশাল রোড শো কর্মসূচি ঘোষণা করতেই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধ প্রজন্মের সাধারণ সম্পাদক একে এম কামরুজ্জামান নান্নু এবং বিজয়ের রোড শো কর্মসূচি উদযাপন কমিটির সদস্য জুবায়ের বাবু উপস্থিত ছিলেন।