আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস। শনিবার (২৯ নভেম্বর) রাজধানী ক্যানবেরার একটি লজে ছোট পরিসরে বান্ধবী জোডি হেইডেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৬২ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান।
গত বছর ভালোবাসা দিবসে জোডি হেইডেনকে প্রস্তাব দেন অ্যান্থনি। তবে বিয়ের তারিখ ও অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত কঠোরভাবে গোপন রাখা হয়েছিল।
রয়টার্স জানিয়েছে, পরিবার ও বন্ধুদের উপস্থিতিতেই সীমিত আয়োজনে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিয়ে করা একমাত্র ব্যক্তি এখন অ্যান্থনি আলবানিস।
এক বিবৃতিতে তিনি বলেন, পরিবার–পরিজনের সামনে একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার প্রকাশ করতে পেরে তারা ভীষণ আনন্দিত।
গত কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠানে অ্যান্থনির সঙ্গে নিয়মিতই দেখা গেছে জোডি হেইডেনকে। ২০২২ সালের নির্বাচনী প্রচারণাতেও সরব উপস্থিতি ছিল তার। ওই নির্বাচনে অ্যান্থনির লেবার পার্টি বিপুল ভোটে জয় পায়।
বিয়েতে হেইডেন সিডনির ডিজাইনার ‘রোম্যান্স ওয়াজ বর্ন’–এর তৈরি পোশাক পরেন। প্রধানমন্ত্রী পরেন এমজে বেলের স্যুট। এছাড়া প্রধানমন্ত্রীর কুকুর টোটো বিয়ের আংটি বহনকারী হিসেবে ছিল।
এ অনুষ্ঠানে অতিথিদের বিশেষ ক্যানে করে বিয়ার পরিবেশন করা হয়। নবদম্পতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়াতেই হানিমুনে থাকবেন। হানিমুনের সব খরচ তারা ব্যক্তিগতভাবে বহন করবেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।
সূত্র: রয়টার্স

