• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাতীয় পার্টি নিয়ে কুসুম-কুসুম প্রেম চলবে না: পাটওয়ারী

প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৩
আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৩

জাতীয় পার্টি নিয়ে কুসুম-কুসুম প্রেম চলবে না: পাটওয়ারী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জামায়াত ও বিএনপিকেও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নিতে হবে। কুসুম-কুসুম প্রেম চলবে না।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর ২৪ জনের দেশে ফিরে আসা উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম এবং অ্যান্টি-ইসলাম’ গেম হচ্ছে। ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেওয়া হবে। একই সঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেকে বলছেন রাষ্ট্রের নিরাপত্তা নেই। স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরায় কারা, এটা জনগণের সামনে উন্মোচন করা প্রয়োজন।

বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, গণতন্ত্রকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয়, বেগম জিয়া সেটি দেখিয়ে দিয়েছেন। তাই জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যে আদর্শ আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথেই আপনাদের হাঁটতে হবে। ভারতের কোনো প্রেসক্রিপশন বা বহির্বিশ্বের কোনো প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন চলবে না।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, কিন্তু তাদের একটা সমস্যা হচ্ছে তারা এখনও সংস্কারের পক্ষে আসেনি। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল না, তারা রেভল্যুশনারি দল, কিন্তু তাদের অনেক ভালো কাজ হয়েছে। এনসিপির রাজনীতি হলো তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চায় এবং একই সঙ্গে ভালো কাজ করতে চায়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নমিনেশন প্রক্রিয়া চলছে এবং যারা দুর্নীতি-চাঁদাবাজি করেছে, এমন একজন লোকও এনসিপি থেকে মনোনয়ন পাবে না।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রশংসা করে পাটওয়ারী বলেন, আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছি, কিন্তু আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের দেশে ফেরার উদ্যোগ নেওয়ায় সব সমালোচনা তুলে নিলাম।