জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণে।
বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।
কখনো কখনো অন্যায় আবদার তুলে দাবি করা হয়েছে, দেশের স্বার্থে বেগম জিয়া মেনে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, কোনো মানুষ যেন হত্যা না হয় সেজন্য ৯৬’র ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। যারা হত্যাযজ্ঞ করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল তারাই ক্ষমতায় এসে সেটা বাতিল করেছে উল্লেখ করে রিজভী বলেন, জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারে দাবি তুলেছিলেন তিনি। বেগম জিয়ার অসুস্থতা ওই হাসিনার কারণেই।
দেশের কোটি কোটি মানুষের দোয়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রিজভী।
রিজভী বলেন, সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করার কারণেই বেগম জিয়া জনগণের ভালোবাসা পেয়েছেন। শুধু বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠন নয়, পুরো জাতিই আজ তাঁর সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছে।
তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাবন্দি করেছিল।
এসময় সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।
জনগণের কষ্ট হয় এমন কাজ অন্তর্বর্তীকালীন সরকারকে না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, জনস্বার্থে কাজ করুন।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

