জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেন তাকে ট্রাভেল ভিসা দেওয়া হবে—এ বিষয়ে তার কোনো তথ্য নেই।
মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ’ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, মানুষের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে। আগামী নির্বাচনে চলমান পরিস্থিতি কোনো প্রভাব ফেলবে না তা দেশের মানুষ সুযোগ পেলেই প্রমাণ করবে।
তিনি আরও বলেন, বিএনপির বিনিয়োগ হবে ডিজিটাল ইকোসিস্টেমে, যাতে তরুণরা কর্মসংস্থানের সুযোগ পায়। বিএনপির ইশতেহার হবে বাস্তবসম্মত পরিকল্পনার ওপর ভিত্তি করে।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, এখনই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত জানানোর সুযোগ সীমিত বলেও তিনি উল্লেখ করেন। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত অবস্থায় পৌঁছালে তিনি দেশে ফিরবেন বলে জানান।
এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, তারেক রহমান চাইলে তাকে ওয়ান টাইম পাস দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করতে প্রস্তুত।

