• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শুক্রবার সকালে দেশে ফিরবেন জুবাইদা রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৯:১৯
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৯:১৯

শুক্রবার সকালে দেশে ফিরবেন জুবাইদা রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডন থেকে রওনা হয়ে আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন দলটির সংশ্লিষ্ট সূত্র। একই সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।

দলীয় সূত্র জানায়, চিকিৎসকদের সর্বশেষ পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার ভোরের দিকে লন্ডনের উদ্দেশে রওনা করানো হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ভিত্তিতেই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে এয়ার অ্যাম্বুলেন্সসহ ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত হওয়ার ওপর বিষয়টি নির্ভর করছে।

এ অবস্থায় ফ্লাইটের ব্যবস্থা যদি দ্রুত সম্পন্ন করা যায়, তাহলে ডা. জোবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর আগেই খালেদা জিয়াকে নিয়ে একটি চিকিৎসা দল লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারে। ওই দলে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান, কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার ব্যক্তিগত সহকারীসহ সংশ্লিষ্টরা।

ডা. জোবাইদা রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে মাহদী আমিন লেখেন, ‘মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর অনিঃশেষ দোয়া ও আন্তরিকতা এবং কূটনীতিকদের সহযোগিতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অগ্রগতি হয়েছে, আলহামদুলিল্লাহ। উন্নত ও সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতেই ম্যাডামকে শীঘ্রই লন্ডনের একটি হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘এই চিকিৎসা-প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. জোবাইদা রহমান, যিনি লন্ডন থেকেই সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি আজই দেশের উদ্দেশে রওনা হয়ে কাল সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন, যেন তিনি নিজে উপস্থিত থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।’

মাহদী আমিন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, ‘তবে তার আগেই যদি ফ্লাইটের সব ব্যবস্থা সম্পন্ন হয়ে যায়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। এ ছাড়া ম্যাডামের পুত্রবধূ শামিলা রহমান, কয়েকজন চিকিৎসক এবং ব্যক্তিগত সহকারীরা সার্বক্ষণিক এয়ার অ্যাম্বুলেন্সে তার পাশে থাকার প্রস্তুতি নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত প্রতিটি বিষয় সরাসরি তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

এর আগে, গত (২৩ নভেম্বর) ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

সবশেষ তথ্যে জানা গেছে, বর্তমানে তিনি কিডনি জটিলতা, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা নিশ্চিত করতে দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত ওই মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য হিসেবে রয়েছেন ডা. জোবাইদা রহমান।