জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন একটি নির্বাচনী জোট ঘোষণা করা হয়েছে। জোটটির নাম দেওয়া হয়েছে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।
রবিবার [৭ ডিসেম্বর] বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যেই এই জোট গঠন করা হয়েছে। আলোচনায় গণ অধিকার পরিষদের নাম থাকলেও শেষ পর্যন্ত তাদের কোনো প্রতিনিধি জোটে যোগ দেননি। তবে শীঘ্রই আরও কয়েকটি দল যুক্ত হতে পারে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।

