জামালপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, তিনি আগে কখনো শোনেননি যে আওয়ামী লীগ থেকে নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, আওয়ামী লীগের দল থেকে নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর দলে যোগ দিচ্ছেন। তাই এখন আর জামায়াতে ইসলামী আগের জামায়াতের দলে নেই।
তিনি আরও বলেন,‘ গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাবন্দি ছিলেন। তিনি জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে কখনো আপোষ করেননি। স্বৈরাচার পতনের পর যখন নতুন করে দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হচ্ছে, তখন তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।’
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে জামালপুর শহরের রানী কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

