ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পুকুরে ফেলে ৮ কুকুরছানা হত্যার মামলায় গ্রেপ্তার নিশি রহমান (৩৮) জামিন পেয়েছেন।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর পাবনার আমলি আদালত-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা মুচলেকায় নিশি রহমানকে জামিন দেন।
উল্লেখ্য, বস্তায় ভরে ঈশ্বরদী উপজেলা পরিষদের পুকুরে ফেলে ৮ কুকুরছানা হত্যা করার অভিযোগ ওঠে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানের বিরুদ্ধে। এ ঘটনা দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। বিষয়টি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের দৃষ্টিগোচর হলে তারা ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ফোন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে একমাত্র আসামি করে ২ ডিসেম্বর রাত ৯টার দিকে ঈশ্বরদী থানায় মামলা করেন। মামলার পর রাত দেড়টার দিকে শহরের রহিমপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়।

