• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচন যত বিলম্ব হবে শঙ্কা তত বাড়বে: মান্না

প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৭
আপডেট: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৭

নির্বাচন যত বিলম্ব হবে শঙ্কা তত বাড়বে: মান্না

কুড়িগ্রাম প্রতিনিধি
ছবি: সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসিল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তফসিল ঘোষণা হবে। এখন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোন কথা বলবেন না। আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে।

তিনি বলেন, এ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও এই নির্বাচনি প্রক্রিয়ায় থাকুন। তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈরি হয়েছে। সেই কারনে নির্বাচনের অবস্থার কোন পরিবর্তন হয় কি না এটা দেখার বিষয়। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।

তিনি আরও বলেন, পনের বছরের লড়াইয়ে আমাদের সাথে বিএনপিসহ অন্যান্য দল ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের সাথে আলাপ আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও সাথে নির্বাচনি সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।

মাহমুদুর রহমান মান্না রবিবার (৭নভেম্বর) বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় দলের সাধারণ সম্পাদক শহিদুল্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর আব্দুস সালামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।