জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় দেওয়ান জয়নুল জাকেরীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেব বাড়ি ঘাট এলাকায় নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।
জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৪ ডিসেম্বর এই আসনের মনোনীত প্রার্থী হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ঘোষণা করেন। এর পর নুরুল ইসলাম নুরুল সৌজন্য সাক্ষাৎ করে দলের ঐক্য বজায় রাখার আহ্বান জানালেও জাকেরীন তা মানেননি।
দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, “আমি সুনামগঞ্জ পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকায় অনেক উন্নয়ন করেছি। জীবনের শেষ সময় পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই।”
এ ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এক নেতা বলেন, “দলের ভালো সময় জাকেরীন মাঠে আন্দোলন করেননি। এখন দলকে এভাবে উপেক্ষা করা দুঃখজনক।”
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন জানান, “যদি কেউ দলের বাইরে গিয়ে নির্বাচন করতে চায়, আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

