• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণঅধিকারসহ চারটি দল হিরো আলমকে নমিনেশন দিতে চায়

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৭

গণঅধিকারসহ চারটি দল হিরো আলমকে নমিনেশন দিতে চায়

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আগে একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হয়ে বিভিন্ন নির্বাচনে হইচই ফেলে দেওয়া এই সোশাল সেলিব্রেটি এবার দলীয় প্রতীকেই লড়ার ইঙ্গিত দিয়েছেন।

তফসিল ঘোষণার পর তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তবে কোন দল থেকে প্রার্থী হবেন তা এখনও নিশ্চিত নন তিনি। কারণ ইতোমধ্যে চারটি রাজনৈতিক দল তাকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে।

হিরো আলম বলেন, ‘স্বতন্ত্র হিসেবে কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল তাদের প্রতীকে লড়ার প্রস্তাব দিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। সময় হলে জানাবো।’

তিনি আরও জানান, চারটি দলই তাকে মনোনয়নের নিশ্চয়তাসহ প্রস্তাব দিয়েছে, তবে তিনিও কাউকে এখনও চূড়ান্ত আশ্বাস দেননি। তার ভাষায়, ‘নেতারা দেখা করেছেন, ফোনেও কথা বলেছেন। আমি কাউকে প্রতিশ্রুতি দিইনি। জনগণের স্বার্থ দেখে সিদ্ধান্ত নেবো।’

যোগাযোগ করা দলগুলোর নাম জানাতে গিয়ে তিনি বলেন—গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি।

হিরো আলম বলেন, ‘দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য মানুষের পাশে থাকা। আমাকে যে দলই নিক, জনগণের জন্য কাজ করাই মূখ্য।’

দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ালে তার রাজনৈতিক যাত্রায় এটি নতুন অধ্যায় হিসেবে যুক্ত হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।