জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনি পরিবেশ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ জন্য তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দলগুলোর সমালোচনা করেন। নাহিদ অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনি বিধি লঙ্ঘন করে পোস্টারিং এবং টাকা খরচের মতো অনিয়ম হচ্ছে।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটরে দলীয় কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ অভিযোগ করেন, ‘আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি-জামায়াত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি।’
নাহিদ ইসলাম বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, এটা খুবই পরিষ্কার। সিট কয়টা পাব কী পাব না, সেটা বিবেচনায় রেখেও নির্বাচনে অংশগ্রহণ করছি না।’
বিভিন্ন জায়গায় মাফিয়াদের নমিনেশন দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঋণখেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না, এর ওপর নির্ভর করবে কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করছে।’
এনসিপির আহ্বায়ক বলেন, “এবারের নির্বাচন হলো ‘গণভোট’, যেখানে ভোটের প্রধান প্রশ্ন হলো ‘হ্যাঁ অথবা না’ (সংস্কারের পক্ষে বা বিপক্ষে)। এই বার্তাটি জনগণের সামনে তুলে ধরার জন্যই এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে। রাজনৈতিক দলগুলো ‘সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী’ দলের ভেতরে সংস্কার আনলে এনসিপির জন্মের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেন নাহিদ।”
তিনি বলেন, ‘এনসিপি সাত মাস অপেক্ষা করার পরও বিদ্যমান রাজনৈতিক দলগুলো কোনো সমঝোতায় আসতে পারেনি। তারা নিজেদের দলাদলি–অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত ছিল, নিজেদের দলীয় এজেন্ডাকে প্রধান করে তুলেছে। এই ব্যর্থতার কারণেই এনসিপির জন্ম হয়েছে।’
এ সময় দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

