জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘যারা নির্বাচন বিলম্বের পক্ষে ছিল তারা গণতন্ত্রের বিপক্ষের শিবিরে।’ শুক্রবার সকালে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের সফল ঘোষণা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রকাশ হয়েছে। অনেকে তা স্বাগত জানাতে বাধ্য হলেও বিএনপি সন্তোষ প্রকাশ করেছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই ছিল গণঅভ্যুত্থানের প্রধান প্রত্যাশা, তফসিল তার পথ খুলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহ উদ্দিন বলেন, কেউ কেউ ‘নো পিআর, নো ইলেকশন’, ‘আগে স্থানীয় সরকার নির্বাচন না হলে জাতীয় নির্বাচন নয়’, কিংবা ‘গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে মানি না’— এমন বক্তব্য দিয়েছেন। আবার কেউ বলেছেন ২০২৯ সালে নির্বাচন করা হোক। এসব মতের লোকজন গণতন্ত্রের বিপক্ষ শক্তি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি সমন্বয়ের রাজনীতি করে। ধর্ম, বর্ণ বা ভাষার ভিত্তিতে বিভাজন নয়—সব নাগরিকের সাংবিধানিক পরিচয়ই সবচেয়ে বড় পরিচয়। বিএনপি সেই সমন্বয়ের রাজনীতিকে ধারণ করে এগোতে চায়।
সভায় তিনি আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদী অপশাসন, দুর্নীতি, অর্থপাচার, গুম–খুনসহ গণতন্ত্রবিরোধী ঘটনাগুলো ভুলে গেলে গণতন্ত্র আহত হবে।
সালাহ উদ্দিন দেবপ্রিয় ভট্টাচার্যের অর্থনীতি বিষয়ক প্রতিবেদন উল্লেখ করে বলেন, ২০০৯–২৩ সালে সরকারি অর্থের অপব্যবহার ও ব্যাংকিং খাতে লুটপাটের মাধ্যমে যে বিপুল অর্থ নষ্ট হয়েছে, তা দিয়ে বহু শিক্ষা ও স্বাস্থ্য বাজেট, পদ্মা সেতু কিংবা মেট্রো রেল নির্মাণ সম্ভব হতো।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, অতীতের ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে। সেই ইতিহাসও জনগণের সামনে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, এখন আর ধর্মের ‘বিড়ি’ বিক্রি করে ভোট পাওয়া যাবে না। জনগণের সামনে পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেই ভোট চাইতে হবে।
গণঅভ্যুত্থান ’২৪ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু ৩৬ দিনের আন্দোলন নয়; দীর্ঘ স্বৈরাচারবিরোধী সংগ্রামের ফল।
ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা ও বেকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি সহজ ভাষায় জনগণের কাছে তুলে ধরতে হবে।
শেষে তিনি বলেন, জনগণ বুঝবে—“গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, আর মুক্তির প্রতীক ধানের শীষ।”
সভায় রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বক্তব্য দেন।

