• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৯
আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৯

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার: ডিএমপি কমিশনার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে, যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এদিকে পরিবারের সিদ্ধান্তে শরিফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।

অন্যদিকে গুলিবিদ্ধ ওসমান হাদির অর্গান কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইতোমধ্যে ওসমান হাদির একটি অপারেশন হয়েছে। আশা করি আর অপারেশন করা লাগবে না।

এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ জানান, শরিফ ওসমান বিন হাদির ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। সেই গুলির দু’একটি অংশবিশেষ তার ব্রেনে রয়ে গেছে।