ঝিনাইদহ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীদের শিকড় যতই শক্তিশালী হোক না কেন, তা উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল শরিফ ওসমান হাদির অবদান তুলে ধরে বলেন, ‘হাদি জুলাই গণ-অভ্যুত্থানের মহানায়ক। আজ তিনি সন্ত্রাসীদের গুলিতে চিকিৎসাধীন। আমরা তার জন্য দোয়া করি। হাদির ওপর গুলির ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি এর নেপথ্যের ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করেন।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনীকে টার্গেট করা হয়েছে। তবে তারা সফল হবে না। আসন্ন নির্বাচন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’
তিনি দাবি করেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।
এ সময় তিনি উপস্থিত সবার কাছে বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

