জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ তৎপরতার বিরুদ্ধে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, সোমবার (১৫ ডিসেম্বর) ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে ভারতপন্থি কোনো ব্যক্তি বা দলকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, তার অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ইনকিলাব মঞ্চ ও তার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই তাকে বিদেশে পাঠানো হবে। এ জন্য প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।
তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার পর দেশের গোয়েন্দা সংস্থাগুলো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা নিজেরা তথ্য সংগ্রহ না করে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে। অথচ তাদের দায়িত্ব ছিল হামলাকারীদের গতিবিধি অনুসরণ করে দ্রুত গ্রেপ্তার করা।

