• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচন-গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে: সাইফুল হক

প্রকাশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৪
আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৪

নির্বাচন-গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে: সাইফুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু, সিকদার হারুন মাহমুদ, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ আলী ও নান্টু দাশ।

সাইফুল হক বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে।’

তিনি এসব অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

শহিদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পার হলেও এখনও শহিদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে মানবিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়নি। শহিদ বুদ্ধিজীবীদের ঘাতকদের উপযুক্ত বিচারও এখনও সম্পন্ন হয়নি। উল্টো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের ক্ষমতায় বসানো হয়েছে, বাস্তবে তারা গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে পারেনি এবং বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এ কারণে কখনও ধর্মের নামে, কখনও নানা মতাদর্শের নামে বলপ্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বহুত্ববাদী ও সহিষ্ণু সমাজে হিংসা ও ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে।’