জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এ সরকার আমাদের নিরাপত্তা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। পুলিশের ওপর নির্ভরশীল হয়ে জুলাইযোদ্ধাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব না।’
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে এনসিপির নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সহ-জুলাইযোদ্ধাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ আরও বলেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। অথচ দেশের মানুষ এখন স্থিতিশীল পরিবেশ চায়। তারা আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ দেখতে চায়।’
নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আগামী নির্বাচনে, আগামী গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। আমরা সেই প্রত্যাশা রাখি। এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন, তারা সংস্কারের পক্ষে, হ্যাঁ-এর পক্ষে। শাপলা কলি নিয়ে জনগণের দরজায় যাবেন তারা। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’

